লাহোরে হেরে গেলেন বিলাওয়াল, পিপিপি বলছে ‘কারচুপি’

লাহোরের এনএ-১২৭ আসনে হেরে গেছেন পিপলস পার্টির (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি। মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) নেতা আতাউল্লাহ তারার কাছে বিপুল ব্যবধানে পরাজিত হয়েছেন তিনি।

বিলাওয়ালের এমন পরাজয়ের পর শুক্রবার (৯ ফেব্রুয়ারি) পিপিপি’র সিনিয়র নেতা শেরি রেহমান নির্বাচনে কারচুপির অভিযোগ করেছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, বেসরকারি ফলাফল অনুসারে লাহোরের এনএ-১২৭ আসনে ৯৮ হাজার ২১০ ভোট পেয়ে জয়ী হয়েছেন পিএমএলএন নেতা তারার। আর বিলাওয়াল ১৫ হাজার ৫ ভোট পেয়ে হয়েছেন তৃতীয়। যদিও লাহোরে হেরে গেলেও আরেকটি আসনে ৮৫ হাজার ৩৭০ ভোটে জয়ী হয়েছেন বিলাওয়াল।

এক সংবাদ সম্মেলনে তার দলের নেতা শেরি রেহমান বলেন, ভোটে বিলাওয়াল এগিয়ে ছিলেন। কিন্তু ফল পাল্টে দেওয়া হয়েছে। নির্বাচনে কারচুপি করার উদ্দেশ্যে ফল প্রকাশে বিলম্ব করা হচ্ছে।

এ সময় তিনি মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় সমালোচনাও করেন। বলেন, আমরা খুব ভালো করেই জানি কেন মোবাইল পরিষেবা বন্ধ হয়েছে।

শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া শেষ খবরে এগিয়ে রয়েছে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। পাকিস্তান ট্রিবিউন জানিয়েছে, ১৭১টি আসনের মধ্যে ৭৪টিতেই জিতেছে তারা।

নির্বাচনে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দ্বিতীয় স্থানে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএল-এন। দলটি আসন পেয়েছে ৫০টি। এরপর রয়েছে বিলাওয়াল ভুট্টো জারদারির দল পিপিপি। তারা জিতেছে ৪০টি আসনে। অন্য সাতটি আসনে জিতেছে বাকি দলগুলো।