কৃষককে কুপিয়ে পুকুরে ফেলে দিলেন মদ্যপ যুবক

চট্টগ্রামের পটিয়ায় এক কৃষককে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মৃতের নাম জানিক দে (৭৫)। তিনি উপজেলার কেলিশহর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শচী দে’র ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার কেলিশহর ইউনিয়নের পাহাড়ি এলাকা হয়ে বিভিন্ন স্থানে মাদক পাচার হয়। ফলে সন্ধ্যা নামলেই মদ্যপায়ীদের উৎপাত বেড়ে যায়। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন কৃষক জানিক। এ সময় তার মাথায় দা দিয়ে কুপিয়ে আঘাত করেন মত্ত অবস্থায় থাকা রূপাস দে।

শুধু তা-ই নয়, হামলার পর কৃষক জানিককে পুকুরে ফেলে দেন তিনি। পরে স্থানীয়রা থানায় জানালে রাত ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, স্থানীয় এক কৃষককে কুপিয়ে পানিতে ফেলে দেওয়া হয়েছে। কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।