শূন্যে সেরা ঋতু

সময় যত যাচ্ছে নিজেকে কেবলই ছাড়িয়ে যাচ্ছেন ঋতু আক্তার। বাংলাদেশ সেনাবাহিনীর এই হাই জাম্পার শুক্রবার জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে নিজের আগের রেকর্ড ভেঙেছেন। একই সঙ্গে পেছনে ফেলেছেন চির প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ নৌবাহিনীর উম্মে হাফসা রুমকিকে। ২০২১ সালে সিনিয়র জাতীয় মিটে প্রথম খেলেই জাতীয় রেকর্ড গড়া ঋতু কাল ১.৭৬ মিটার লাফিয়ে ২০২২ সালে সর্বশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপে নিজের গড়া ১.৭৫- কে পেছনে ফেলেন। রুমকির সঙ্গে লড়াইটাও হচ্ছে জমজমাট। এই লড়াইটা দারুণ উপভোগ করেন ঋতু, ‘ওর সঙ্গে আমার চমৎকার সম্পর্ক। আমাদের দুজনের এই লড়াইয়ে তো দেশেরই লাভ হচ্ছে। এটাকে বলতে পারেন দুই বন্ধুর মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা।’ ২২ বছর বয়সী গাইবান্ধার মেয়ে ঋতু স্বপ্ন দেখেন দেশের জন্য এসএ গেমসের স্বর্ণ জয়ের, ‘২০১৯ এসএ গেমসে ভারতীয় জাম্পার ১.৭৩ লাফিয়ে স্বর্ণ জিতেছিলেন। সব ধরনের সুযোগ-সুবিধা পেলে আমার পক্ষেও স্বর্ণ জেতা সম্ভব। একই সঙ্গে এসএ গেমসের ১.৮১ রেকর্ডও ভাঙা সম্ভব।’