দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ডিউটি করাকালে গ্রামপুলিশ রনজিৎ কুমার দে হত্যাকান্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ।
গতকাল শুক্রবার সকাল ১০টায় পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, মূল আসামি মুক্তার শেখ (২৮) নামে এক চোরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ চোরাই ছাগল ও হত্যাকান্ডে ব্যবহৃত অটোবাইকটিও উদ্ধার করেছে।
পুলিশ সুপার আরও বলেন, গত ৬ জানুয়ারি ভোটকেন্দ্র পাহারায় থাকা গ্রামপুলিশ রনজিৎ কুমার দে কে রাত ৩টা থেকে ভোর ৫টার মধ্যে কোনো সময়ে অজ্ঞাত আসামিরা মাফলার দিয়ে শ্বাসরোধে হত্যা করে স্কুলের পছনে মেহগনি বাগানে ফেলে রাখে। পরে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হত্যাকা-ে জড়িত মূল আসামি মুক্তার শেখকে গ্রেপ্তার করে।
পুলিশ সুপারের ভাষ্যমতে, স্কুলের পাশের বাড়ি থেকে ছাগল চুরি করে তিনজন। এ সময় গ্রামপুলিশ সদস্য রনজিৎ কুমার দে চোরদের হাতেনাতে ধরে ফেলেন। চোরেরা তাকে ১০ হাজার টাকা দিতে চায়। কিন্তু রনজিৎ টাকা না নিয়ে তাদের পুলিশে সোপর্দ করার কথা জানালে তাকে শ্বাসরোধ করে হত্যা করে চোরেরা। গ্রেপ্তার মুক্তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডে জড়িত অন্য আসামিদের নাম বলেছে।