নাটোরের গুরুদাসপুরে ডাকাতির প্রস্তুতির সময় গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় অস্ত্র ও পিকআপসহ আট ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল সড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশীয় বিভিন্ন প্রকার অস্ত্র, হলুদ রঙের একটি পিকআপ, তালাকাটার যন্ত্র ও লোহা কাটার করাতসহ ডাকাতি করার বিভিন্ন উপকরণ।
আটকরা হলেন মুন্সীগঞ্জের শ্রীনগর থানার খোদাইবাড়ি গ্রামের মৃত আবদুল জলিল ব্যাপারীর ছেলে আমিনুল ইসলাম (৬৬), বরিশালের হিজলা থানার নরসিংহপুর গ্রামের আবদুর রহমান খানের ছেলে ট্রাকচালক ওলি উদ্দিন খান (৩২), ঢাকার কামরাঙ্গীরচরের নবীনগরের মৃত আবদুল আওয়ালের ছেলে ইমরান খান (২৩), জয়পুরহাটের মজিবনগর গ্রামের মো. মফিজের ছেলে মো. মোসলেম (৪৩), গাইবান্ধার পলাশবাড়ি থানার কেশবপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে আবদুল গাফফার (৪২), একই থানার জাইতরবালা গ্রামের মৃত আসকর আলী মন্ডলের ছেলে মজনু মিয়া (৩৪), শকুনা কেশবপুরের মঙ্গলার ছেলে অমল কুমার (২৭) ও চকবালা গ্রামের মো. আমিনের ছেলে এমরান হোসেন (১৮)। জব্দ করা পিকআপটি রেজিস্ট্রেশনবিহীন।
গুরুদাসপুর থানার ওসি উজ্জ্বল হোসেন বলেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অস্ত্র ও ডাকাতির মামলা রয়েছে। গতকাল শুক্রবার থানায় তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।