৫ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ মুদি ব্যবসায়ীর

আশুলিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে শহিদুল ইসলাম নামের এক মুদি ব্যবসায়ীকে তুলে নেওয়ার চার দিনেও সন্ধান মেলেনি। গতকাল শুক্রবার আশুলিয়ার নয়াপাড়ায় ডেকো গার্মেন্টস সংলগ্ন নিখোঁজ ব্যবসায়ীর দোকানের সামনে তার সন্ধানের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

শহিদুল ইসলাম শরীয়তপুর জেলার গোসাইর হাট থানার ইকরাকান্দি গ্রামের শাহ আলম দেওয়ানের ছেলে। তিনি আশুলিয়ার নয়াপাড়া এলাকায় মুসলিম উদ্দিন মার্কেটে মা বাবার দোয়া নামে একটি মুদি দোকানের পাশাপাশি বিকাশ ও সিলিন্ডার গ্যাসের ব্যবসা করতেন।

গত ৫ ফেব্রুয়ারি  রাত সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে একটি সাদা রঙের হায়েচ গাড়িতে আসা ৭-৮ জন সাদা পোশাকের লোক তাকে তুলে নিয়ে যায়। পরিবারের সদস্যরা সাভার, আশুলিয়া থানাসহ ঢাকা জেলা ডিবি পুলিশ অফিসে খোঁজ নিলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছে তাকে আটক করা হয়নি। সংবাদ সম্মেলনে শহিদুল ইসলামের মামাতো ভাই রিয়াজ উদ্দিন জানান, প্রতিদিনের মতো আশুলিয়ার নয়াপাড়া মোসলেম উদ্দিন মার্কেটে তার মুদি দোকানে বসে বেচাবিক্রি করছিল শহিদুল। গত ৫ ফেব্রুয়ারি মাইক্রোবাসে করে ৭-৮ জন লোক নিজেদের পুলিশ পরিচয় দিয়ে দোকানে তল্লাশি চালায়। এরপর তাকে নিয়ে চলে যায়। এ ঘটনায় থানায় গিয়েও কোনো সহযোগিতা পাননি বলেও অভিযোগ করেন তিনি।

শহিদুল ইসলামের বাবা শাহ আলম দেওয়ান বলেন, ‘আমার ছেলে যদি কোনো অপরাধ করে থাকে তাহলে আইন তার বিচার করবে। কিন্তু আমরা ছেলের কোনো খোঁজখবর পাচ্ছি না। আমি আমার সন্তানকে ফেরত চাই।’  সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিখোঁজ শহিদুল ইসলামের স্ত্রী তানিয়া, তিন বছরের শিশুপুত্র আব্দুর রহমান, ছোট ভাই সাইফুল ইসলাম। এ সময় স্ত্রী তার স্বামীকে ও ভাই তার ভাইকে ফেরত চেয়ে কান্নায় ভেঙে পড়েন।