ভোটাধিকার কেড়ে নেওয়ার অপরাধে মামলা হবে : মান্না

জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়ার অপরাধে ভবিষ্যতে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা হবে বলে হুঁশিয়ারি করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।

গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত ‘অরক্ষিত সীমান্ত, ধর্ষিত বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকার’ শীর্ষক উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন মান্না।

তিনি বলেন, ‘দেশের ১৭ কোটি মানুষ ইতিমধ্যে রায় দিয়েছে যে বর্তমান সরকার নির্বাচিত নয়। কারণ জনগণ তাদের ভোট দেয়নি।’

মান্না বলেন, ‘গত ১৫ বছরে যত অন্যায়-অপরাধ করেছেন, তার সব কিছুর জবাব দিতে হবে। সরকার খালেদা জিয়া, মির্জা ফখরুলের বিরুদ্ধে ১০ থেকে ২০টা করে মামলা দিয়েছে। আমরা যদি ক্ষমতায় গিয়ে তাদের বিরুদ্ধে মামলা দিতে থাকি, তা একটি ডিকশনারির সমান হয়ে যাবে।’