পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনের আসনের ফলাফল ধাপে ধাপে ঘোষণা করছে দেশটির নির্বাচন কমিশন। সর্বশেষ তথ্য অনুযায়ী অন্যদের চেয়ে এগিয়ে আছে ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা।
কিন্তু পূর্ণ ফলাফল প্রকাশের আগেই নির্বাচনে বিজয় দাবি করেছেন পাকিস্তান মুসলিম লীগ-এন— এর নওয়াজ শরীফ।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) লাহোরে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেন নওয়াজ। উপস্থিত সমর্থকদের তিনি জানান, জাতীয় পরিষদে তারা একক দল হিসেবে সর্বোচ্চ আসন পেয়েছেন এখন তিনি জোট সরকার গঠনের চেষ্টা চালাচ্ছেন।
এই বক্তব্যকে নিজের ‘বিজয়ী ভাষণ’ হিসেবে অভিহিত করেন তিনি। দ্যা ডন।
তবে নওয়াজ শরীফ সংখ্যাগরিষ্ঠতার দাবি করলেও, সর্বশেষ তথ্য অনুযায়ী, ইমরান খানের পিটিআইয়ের স্বতন্ত্র প্রার্থীরা অনেক ব্যবধানে এগিয়ে আছেন।
এদিকে নির্বাচনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সমর্থিত প্রার্থীরাও দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয় লাভ করেছে বলে দাবি জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী দলটির চেয়ারম্যান ইমরান খান।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিও বার্তায় এ দাবি জানান কারাগারে বন্দি পিটিআই নেতা।
ভিডিওতে ইমরান খান দাবি করেছেন যে পিটিআই-সমর্থিত প্রার্থীরা ফর্ম ৪৫ এর তথ্য অনুসারে ১৭০টিরও বেশি আসনে জয়ী হচ্ছেন। এছাড়া তার দল দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা সুরক্ষিত করেছে বলেও জানান তিনি।
এ সময় তিনি ৩০ আসনে পিছিয়ে থাকা সত্ত্বেও বিজয়ী ভাষণ দেওয়ার জন্য নওয়াজ শরিফের নিন্দা করেন।
ভিডিও বার্তায় নওয়াজ শরীফকে উদ্দেশ্য করে ইমরান খান বলেন, ‘কোনও পাকিস্তানি এটা মেনে নেবে না। এমনকি আন্তর্জাতিক গণমাধ্যম ও সেই বোকামি নিয়ে লিখছে।‘
এদিকে পিটিআই অভিযোগ করেছে, অনেক জায়গায় এখনো ফলাফল আটকে রাখা হয়েছে। এছাড়া তাদের প্রার্থীদের প্রিজাইডিং অফিসারের কার্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে।