ডালের উৎপাদন বেড়েছে ৪ গুণ: কৃষিমন্ত্রী

সরকারের কৃষিবান্ধব নীতি এবং দেশের বিজ্ঞানীদের উন্নত জাত ও প্রযুক্তি উদ্ভাবনের ফলে গত ১৫ বছরে দেশে ডালের উৎপাদন ৪ গুণের বেশি বেড়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। তিনি বলেন, ২০০৮-০৯ সালে দেশে প্রায় ২ লাখ টন ডাল উৎপাদন হতো, যা বর্তমানে প্রায় ৯ লাখ টনে পৌঁছেছে। কিন্তু তা দেশের চাহিদার এক-তৃতীয়াংশ। সেজন্য, আমাদের এখন লক্ষ্য ডালে স্বয়ংসম্পূর্ণ হওয়া।

আন্তর্জাতিক ডাল দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট (বারি) আয়োজিত সেমিনারে আজ শনিবার বিকেলে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ডালের উৎপাদন বৃদ্ধির জন্য উচ্চফলনশীল জাত উদ্ভাবন, মানসম্পন্ন বীজের পর্যাপ্ত সরবরাহ এবং আধুনিক উৎপাদন প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। উন্নত প্রযুক্তি যথাযথ প্রয়োগের মাধ্যমে গবেষণা এবং কৃষকের মাঠের মধ্যে ফলনের ব্যবধান কমিয়ে ফলন বাড়ানো যেতে পারে। এ ছাড়া, আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে জলবায়ু সহনশীল জাত উদ্ভাবনের মাধ্যমে লবণাক্ত, খরা ও চরাঞ্চলে ডালের চাষ বাড়াতে হবে। সেলক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

ডালের গুরুত্ব তুলে ধরার জন্য জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা প্রতি বছর ১০ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক ডাল দিবস পালন করে। এ বছর দিবসটির প্রতিপাদ্য মাটি ও মানুষের পুষ্টির জন্য ডাল।

অনুষ্ঠানে ডাল ফসলের গবেষণা ও উৎপাদনে অসাধারণ অবদানের জন্য তিনজন বিজ্ঞানীকে সম্মাননা প্রদান করা হয়। আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মোট ১৫০ জন অংশগ্রহণ করেন।