প্রায় ২ কেজি সোনাসহ রাখাইন নারী আটক 

কক্সবাজারের উখিয়ায় ২৪টি সোনার চুড়িসহ উলায়িং (৩৯) নামের এক রাখাইন নারীকে আটক করেছে বিজিবি। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলার মরিচ্যা চেকপোস্টে প্রায় ২ কেজি সোনা জব্দ করা হয়।

আটক ওই রাখাইন নারী (৩৯) কক্সবাজার সদরের চৌফলদন্ডী ইউনিয়নের উত্তর মগপাড়া এলাকার সুইছিন রাখাইনের মেয়ে।

রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আর্ন্তজাতিক চোরাচালান চক্রের একজন সদস্য বিপুল পরিমাণ সোনা নিয়ে অবৈধভাবে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করেছে। এই সংবাদে শনিবার উখিয়ার মরিচ্যা চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়।  পরে বিকেল ৩টার দিকে সোনাসহ ওই নারীকে আটক করা হয়।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।