২২ মিনিটে তিন গোলে জয়ে ফিরল কিংস

আগের রাউন্ডে মোহামেডানের কাছে হেরে যাওয়ায় তেতে গিয়ে থাকবে বসুন্ধরা কিংস। ঝালটা ঝাড়ল বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে। ২২ মিনিটে তিন গোল করে জয় তুলে জয়ে ফিরল বিপিএলে। আসরে নিজেদের তৃতীয় জয় পেয়েছে শেখ জামাল। ফাহিমের একমাত্র গোলে তারা হারায় ফর্টিসকে। শেখ রাসেলের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী।

লিগের সর্বোচ্চ গোলদাতা ডরিয়েল্টন গোমেজকে ছাড়াই ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে খেলতে নামে কিংস। তবে এ ডরির অভাব অনুভবই করেনি তারা।  সপ্তম মিনিটেই তাদের জালে বল পাঠান মিগেল ফিগেইরা। তপু বর্মণের থ্রু করা বল নিয়েই বাঁ পায়ে শট নেন গোলের বাম দিকে। সামনের দিকে এগিয়ে থাকা পুলিশ গোলরক্ষক রাসেল লিটনের অসাবধানতার সুযোগ নেন মিগেল। ঝাঁপিয়ে পড়েও গোল হওয়া ঠেকাতে পারেননি।

দ্বিতীয় গোলটি দিনের সুন্দরতম গোল। মাঝ মাঠ থেকে থ্রো ইন করে ওয়ান টু ওয়ান পাসে প্রথমে গফুরভ ও পরে রবসন রবিনহোকে বল দেন রাকিব হোসেন। রবসনের ফিরতি পাস নিয়ে রক্ষণের ফাঁক গলে বক্সে ঢুকে পড়েন রাকিব। ২১তম মিনিটে অনায়াসেই পরাস্ত করেন গোলরক্ষককে।

২৮তম মিনিটে ঠিক মধ্য মাঠ থেকে বল নিয়ে ছুট দেন কিংস অধিনায়ক রবসন। একজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের সামনে এসে থ্রু বাড়ান। দৌড়ে গিয়ে সেই থ্রুতে পা ছুঁইয়ে বলকে জাল অভিমুখে পাঠিয়ে দেন আসরর গফুরভ। ম্যাচে তিন গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস।

তিন গোলের লিড নিয়ে শুরু করা দ্বিতীয়ার্ধে কিংসের আক্রমণের ধার কিছুটা কমে যায়। ৭১ মিনিটে রবসন রবিনহো সুযোগ পান ব্যবধান এগিয়ে নেওয়ার। তবে পরাস্ত করতে পারেননি লিটনকে। ৭৮ মিনিটে ইসা ফয়সালের মাপা শটে মাথা ছোঁয়ালেও লক্ষ্য ঠিক রাখতে না পারায় গোল শোধের সুবর্ণ সুযোগ নষ্ট করে পুলিশ। আরও ছোট ছোট আক্রমণ হলেও জালের দেখা পায়নি কোনো দল।

মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী আতিথ্য দেয় শেখ রাসেল ক্রীড়া চক্রকে। প্রথমার্ধ গোলশূন্য কাটানোর পর দ্বিতীয়ার্ধের ৬২তম মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি কিক পায় চট্টগ্রাম আবাহনী। দুর্দান্ত শটে প্রায় গোল করেই বসেছিলেন চট্টগ্রাম আবাহনীর খেলোয়াড়। তবে তা হতে দেননি শেখ রাসেল গোলরক্ষক মিতুল মারমা। কপাল মন্দ হলে যা হয়, তার ঠেকিয়ে দেওয়া বল হেড করে পরেরবার জালে পাঠান সোহেল রানা।

চট্টগ্রাম আবাহনী দ্বিতীয় গোলটি আদায় করে নেয় দারুণ দলীয় বোঝাপড়ায়। ৭০তম মিনিটে নিজেদের অর্ধ থেকে লম্বা পাসে বল আসে রাইট উইঙ্গারের পায়ে। সেখানে থেকে মাঝ মাঠে মাইনাস করে দেন তিনি। এরপর ওয়ান টু ওয়ান পাসে বল নিয়ে ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে বল বাড়িয়ে দেন গোলের বাম প্রান্তে। ছুটে এসে শুধু প্লেস করে বল জালে পাঠান রিয়াজ সাগর।

৮৯ মিনিটে আবাহনীর জমির উদ্দিন ফাউল করলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সেলেমানি ল্যান্ড্রির নেওয়া স্পট কিক শেষ সময়ের সান্ত¡না রূপে একটি গোল শোধ হিসেবেই থেকে যায় শেখ রাসেলের জন্য। যোগ করা সময়ে আক্রমণ আরও জোরাল করলেও ম্যাচে সমতা আনতে পারেনি তারা। উল্টো আশরাফুল ইসলাম রানার দক্ষতায় নিশ্চিত আরও একটি গোল হজম করা থেকে রক্ষা পায় শেখ রাসেল।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের মুখোমুখি হয় ফর্টিস এফসি। এ ম্যাচেও প্রথমার্ধ ছিল গোলহীন। দ্বিতীয়ার্ধের ৬৩তম মিনিটে কাউন্টার অ্যাটাকে বল পেয়ে বক্সে ঢুকে পড়েন ডিফেন্ডার আল আমিন। গোলের কাছাকাছি পৌঁছে গোলরক্ষককে ফাঁকি দিয়ে হাল্কা পাস দেন ফাহিমকে। ফাহিম লক্ষ্যভেদ করে এগিয়ে নেন শেখ জামালকে।