এয়ারলাইনগুলোর সহযোগিতা বিষয়ে গোলটেবিল বৈঠক

বৈশ্বিক মেগা এয়ারলাইনগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার স্বার্থে দক্ষিণ এশীয় দেশগুলোর নিজস্ব সম্ভাবনা কাজে লাগানো এবং এ অঞ্চলে এয়ারলাইনগুলোর অবস্থা সুদৃঢ় করতে সরকারি ও বেসরকারি এয়ারলাইনগুলোর মধ্যে একটি আঞ্চলিক অ্যালায়েন্স গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করে গতকাল শনিবার ঢাকার একটি হোটেলে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা বিমান-ঢাকা ট্রাভেল মার্ট ২০২৪ এর সমাপনী দিনে ‘দক্ষিণ এশীয় এয়ারলাইনগুলোর মধ্যে বৃহত্তর সহযোগিতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকটির আয়োজন করে ভ্রমণ ও পর্যটনবিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এভিয়েশন বিশেষজ্ঞ উইং কমান্ডার এটিএম নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শফিউল আজিম। সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম।