অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ক্রীড়া  প্রতিযোগিতা উদ্বোধন

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। গতকাল শনিবার সকালে রাজধানীর ধানম-ির সুলতানা কামাল উইমেন্স ক্রীড়া কমপ্লেক্সে এ প্রতিযোগিতা উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘কর্মজীবনে আমি একজন সরকারি কর্মচারী ছিলাম। আজ আমি অবসরপ্রাপ্ত এবং সরকারের একজন মন্ত্রী। এখানে যারা উপস্থিত আছেন তারা অনেকেই আমার প্রত্যক্ষ সহকর্মী। অনেকে আবার কর্মক্ষেত্রে আমার নিয়ন্ত্রণকারী কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।’

প্রতিযোগিতার শুরুতেই শিশুদের মোরগ লড়াই এবং ৬৫ বছরের অধিক বয়স্কদের বেলুন ফাটানো প্রতিযোগিতা হয়। এ ছাড়া স্কিপিং, বালিশ বদল, মেধা পরীক্ষা, ভারসাম্য দৌড়, রশি টানাটানি ও টেনিস বল নিক্ষেপসহ ১৮টি ইভেন্টে পুরুষ ও নারীদের পৃথক পৃথক প্রতিযোগিতা হয়।

অনুষ্ঠানে সাবেক সচিব ও সমিতির মহাসচিব আবু আলম মো. শহিদ খান, বীর মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামান ভূঁইয়াসহ সরকারের অবসরপ্রাপ্ত বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।