বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ধামরাইয়ে ঢাকা-আরিচা ও ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। গতকাল শনিবার সকাল ৮টার দিকে ধামরাই থানা বাসস্ট্যান্ডের ঢাকাগামী লেন অবরোধ করে বিক্ষোভ করে ফ্রেম হাউজ ফুটওয়্যার লিমিটেড নামে একটি জুতা কারখানার প্রায় দুই হাজার শ্রমিক। অন্যদিকে সকাল ১০টার দিকে ভালুকায় মহাসড়কে বিক্ষোভ করে রিদিশা স্পিনিং ও রিদিশা ব্যান্ডেড ইয়ার্ন লিমিটেডের শ্রমিকরা। দুই স্থানেই চার ঘণ্টারও বেশি সময় ধরে মহাসড়ক অবরোধ করে রাখায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ধামরাইয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, প্রতি মাসে মাত্র ৭ হাজার ১০০ টাকা বেতন পান শ্রমিকরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এই বেতনে তাদের স্বাভাবিক জীবন পরিচালনা কষ্টসাধ্য হয়ে পড়েছে। শ্রমিকরা সর্বনিম্ন ১২ হাজার ৫০০ টাকা বেতনের দাবি জানিয়ে আসছেন। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার কথা বললেও তারা দাবি মেনে নেননি। এরই জেরে শনিবার শ্রমিকরা কারখানাসংলগ্ন মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করে।
কারখানাটির সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম প্রোডাকশন) জামাল বসুনিয়া বলেন, ‘পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধির গেজেট হলেও জুতা কারখানা শ্রমিকদের বিষয়ে কোনো গেজেট হয়নি। এরপরও শ্রমিকরা দাবি জানিয়েছেন। কর্তৃপক্ষ আগামী মাসেই বর্ধিত বেতন দেওয়ার কথা ভাবছে।