আ.লীগকে যুগ যুগ খেসারত দিতে হবে : ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিএনপিকে নয়, একতরফা দ্বাদশ সংসদ নির্বাচন করার জন্য আওয়ামী লীগকে যুগ যুগ ধরে খেসারত দিতে হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতাদের  গ্রেপ্তারের ঘটনা ছিল সরকারের একতরফা নির্বাচন অনুষ্ঠানে পরিকল্পিত ষড়যন্ত্র।

গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের’ উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য বিএনপিকে অনেক দিন খেসারত দিতে হবে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ রকম বক্তব্যের প্রতিক্রিয়ায় ফারুক বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপনি কী করে বলেন, বিএনপিকে অনেক খেসারত দিতে হবে?’ ‘আমি আপনাকে উল্টো বলতে চাই, খেসারত আপনাকেই দিতে হবে। কারণ আপনারা জনগণের অংশগ্রহণ ছাড়া যে নির্বাচন করেছেন, যে সরকার আপনারা গঠন করেছেন তার খেসারত আপনাদেরই দিতে হবে যুগ যুগ ধরে।’