টেসল বিডির দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন শেষ

টেসল সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন গতকাল শনিবার শেষ হয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘TESOL in Transition: 4th Industrial Revolution and Beyond’ শীর্ষক দুই দিনব্যাপী এ সম্মেলন হয়। ব্রিটিশ কাউন্সিল, ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের (আইএমএলআই) সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করা হয়। 

সম্মেলনে সম্মানিত অতিথি ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক হাকিম আরিফ, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেলর স্টিফেন ইবেলি এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক টম মিশসা।

বিশ্বখ্যাত তিনজন বিশেষজ্ঞ সম্মেলনে বক্তব্য দেন। তারা হলেন ওয়ারউইক ইউনিভার্সিটির ড. রিচার্ড স্মিথ, ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ইমেরিটাস অধ্যাপক ড. স্টিফেন ক্রাশেন ও ইংরেজি ভাষা বিশেষজ্ঞ ড. মারিয়া ভিলালোবোস বুহনার। 

উদ্বোধনী অধিবেশনে অধ্যাপক এএমএম হামিদুর রহমান, অধ্যাপক ড. আরিফা রহমান, অধ্যাপক আব্দুস সেলিম এবং অধ্যাপক শামসুল হককে ‘লাইফটাইম অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড টু ইএলটি পাইওনিয়ার্স’ সম্মাননা দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক ও দ্বিতীয় টেসল বিডি ইন্টারন্যাশনালের আহ্বায়ক অধ্যাপক ড. সাইদুর রহমান স্বাগত বক্তব্য দেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক এএমএম হামিদুর রহমানের সভাপতিত্বে প্ল্যানারি সেশনে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের ইএলটি অ্যান্ড অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিকসের অধ্যাপক রিচার্ড স্মিথ। এ ছাড়া গ্রিন ইউনিভার্সিটির অধ্যাপক এম শহীদউল্লাহ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক ড. আরিফা রহমান প্রমুখ তাদের পেপার উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি