চাচার কোদালের আঘাতে ভাতিজা নিহত 

গাইবান্ধা সদর উপজেলায় জমি নিয়ে বিরোধে চাচা মোকছেদুল রহমানের (৩৫) মারপিটে ভাতিজা মাহফুজ রহমান নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনা আরও দুইজন আহত হয়েছেন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের হাসেম বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মাহফুজ রহমান ওই এলাকার মৃত তাহের মুন্সীর ছেলে। তিনি স্থানীয় দারিয়াপুর বাজারের কাপড় ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন থেকে জমি নিয়ে চাচা ভাতিজার মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি সমাধানের জন্য স্থানীয়রা একাধিকবার সালিশে বসেন। শনিবার বিকেলে চাচা মোকছেদুল ও তার ছেলে বিরোধপূর্ণ জমিতে ধান রোপণের জন্য জমি প্রস্তুত করতে যায়। এ সময় ভাতিজা তাদের বাধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে কোদাল ও লাঠি দিয়ে মাহফুজুর রহমানকে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। এ সময় মাহফুজুরের দুই ভাই মাসুদ ও গামা মিয়া আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহফুজুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহতরা গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি মাসুদ রানা । তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় মোকছেদুলের স্ত্রী নীলুফা সুলতানা রেনুকে আটক করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তার আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।