চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে আবারও দুর্ঘটনা ঘটেছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার একসঙ্গে ৫টি গাড়িকে ধাক্কা দেয়। এতে ক্ষতিগ্রস্থ হয়েছে ৩টি প্রাইভেটকার ও ২টি মাইক্রোবাস। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেলেও কারো নাম পরিচয় জানা যায়নি।
আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রাইভেট কারটি চট্টগ্রাম নগরী থেকে আনোয়ারা প্রান্তে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
সিএমপির কর্ণফুলি থানার এএসআই বিল্লাল হোসেন জানান, বিকালে বঙ্গবন্ধু টানেলের ভেতরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার অন্য কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এতে একই লাইনে থাকা ৫টি গাড়ি দুর্ঘটনায় কবলিত হয়। এর মধ্যে ৩টি প্রাইভেট কার ও ২টি মাইক্রোবাস রয়েছে। ৫টি গাড়িই ক্ষতিগ্রস্থ হয়েছে। দুর্ঘটনায় কবলিত ৫টি গাড়ি জব্দ করা হয়েছে।
গত বছরের ২৮ অক্টোবর টানেল উদ্বোধনের পর থেকে ৪ মাসে অন্তত ৭/৮টি ছোট বড় দুর্ঘটনা ঘটেছে।
উদ্বোধনের পর দিন ২৯ অক্টোবর মধ্যরাতে টানেলের ভেতর কার রেসিং প্রতিযোগিতায় মেতে উঠেছিল কয়েকজন যুবক। দামি কার নিয়ে প্রতিযোগিতায় মেতেছিল তারা। প্রতিযোগিতা করে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে সমালোচনা হয়।
ওই প্রতিযোগিতায় সাতটি প্রাইভেটকার অংশ নেয়। এ ঘটনায় ১ নভেম্বর রাতে কর্ণফুলী থানায় মামলা করা হয়।