মার্করামের সানরাইজার্স এবারও এসএ টোয়েন্টির সেরা

জাঁকজমক আবহে সানরাইজার্স ইস্টার্ন কেপ টানা দ্বিতীয় শিরোপা জেতার মধ্য দিয়ে পর্দা নামল দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ টোয়েন্টি। ফাইনালে ডারবানস সুপার জায়ান্টসকে একতরফা লড়াইয়ে উড়িয়ে দেন লিগ চ্যাম্পিয়ন হয়ে প্লে-অফের টিকিট নিশ্চিত করা এইডেন মার্করামরা।

শনিবার কেপ টাউনের ফাইনালে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে সানরাইজার্স। তারা নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২০৪ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ফিফটি করেন টম অ্যাবেল ও ত্রিস্তান স্টাবস। এছাড়া জর্ডন হারমান ও অধিনায়ক এইডেন মার্করাম ফিফটি হাতছাড়া করেন।

জর্ডন ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৪২ রান করে আউট হন। ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৫৫ রান করে সাজঘরে ফেরেন অ্য়াবেল। মার্করাম ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন। ত্রিস্তান ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৫৬ রান করে নট-আউট থাকেন। সুপার জায়ান্টসের ক্যাপ্টেন কেশব মহারাজ ৩৩ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। ৩২ রানে ১টি উইকেট দখল করেন রিস টপলি।

জবাবে ডারবানস সুপার জায়ান্টস ১৭ ওভারে মাত্র ১১৫ রানে অল-আউট হয়ে যায়। ৮৯ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে সানরাইজার্স। উইয়ান মাল্ডার দলের হয়ে সব থেকে বেশি ৩৮ রান করেন। ২২ বলের ইনিংসে তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। ১৭ বলে ২৮ রান করেন ডোয়েন প্রিটোরিয়াস। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন।

ম্যাথিউ ব্রিটজকে ১৮ ও জুনিয়র ডালা ১৫ রান করেন। কুইন্টন ডি কক মাত্র ৩ রান করে আউট হন। খাতা খুলতে পারেননি ভানুকা রাজাপাকশে। কেশব মহারাজ ৫ রান করে সাজঘরে ফেরেন।

সানরাইজার্সের হয়ে দুর্দান্ত বল করেন মারকো ইয়ানসেন। তিনি ৪ ওভারে ৩০ রান খরচ করে একাই ৫টি উইকেট দখল করেন। ড্যানিয়েল ওরেল ১৫ রানে ২টি উইকেট সংগ্রহ করেন। ১৭ রান খরচ করে ২টি উইকেট নেন বার্টম্যান।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্টে মাঠে নামে সানরাইজার্স। টানা দ্বিতীয় বছর দক্ষিণ আফ্রিকার এই টি-২০ লিগের খেতাব ধরে রাখল তারা। উদ্বোধনী আসরের ফাইনালে প্রিটোরিয়া ক্যাপিটালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সানরাইজার্স। এবার সুপার জায়ান্টসকে বিধ্বস্ত করে টানা দু'বছর ট্রফি জিতল তারা।