ছাত্রীকে অধ্যাপকের ধর্ষণচেষ্টা: বিচারের দাবিতে উত্তাল চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে নিজ বিভাগের ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। বিচারের দাবিতে রবিবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে রসায়ন বিভাগের শিক্ষার্থীরা অবস্থান নেয়।

এই ঘটনার বিচারের দাবিতে পহেলা ফেব্রুয়ারি থেকে মানববন্ধনসহ অবস্থান কর্মসূচিতে পালন করছে বিভাগটির সাধারণ শিক্ষার্থীরা। তাদের দাবি, শিক্ষাঙ্গনে ইভটিজিং বা যৌন হয়রানি এবং ধর্ষণচেষ্টার মতো ঘটনাগুলো বিচার করতে হবে।

শিক্ষার্থীদের দাবি, অভিযুক্ত শিক্ষক অধ্যাপক ড. মো. মাহবুবুল মতিনকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে প্রশাসনকে কাজ করতে হবে। 

শিক্ষার্থীরা বলছেন, রসায়ন বিভাগের এই অধ্যাপকের বিরুদ্ধে আগেও এমন যৌন হয়রানির অভিযোগ উঠেছিল। কিন্তু সুষ্ঠু বিচার না হওয়াতে তিনি আবারও এমন ঘৃন্য কাজ করতে উৎসাহী হয়েছেন। তাই এই অধ্যাপকের স্থায়ী বহিষ্কার চায় বিভাগের শিক্ষার্থীরা।

রসায়ন বিভাগের শিক্ষার্থী সায়মা বলেন, আমাদের বড় আপুর প্রতি যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার বিচার নিশ্চিত করতে আন্দোলনে এসেছি। এমন শিক্ষকের স্থায়ী বহিষ্কার চাই।

যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে জানিয়ে চবি প্রক্টর ড. নুরুল আজিম সিকদার বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে। তাছাড়া এমন স্পর্শকাতর বিষয়ে প্রশাসন কাউকে ছাড় দেবে না।

এই অভিযোগটি ভিত্তিহীন উল্লেখ করে অভিযুক্ত অধ্যাপক ড. মো. মাহবুবুল মতিন বলেন, আমি একজন বয়োজ্যেষ্ঠ অধ্যাপক। এই ছাত্রী আমার মেয়ের মতো। আমার বিরুদ্ধে তার এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। অভিযোগ যদি সে প্রমাণ করতে পারে তবে আমি বিশ্ববিদ্যালয় থেকে অব্যাহতি নিয়ে পুরো দুনিয়া থেকেই চির বিদায় নেবো।

প্রসঙ্গত, নিজ বিভাগের অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগ তুলে ওই শিক্ষার্থী চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বরাবর লিখিত অভিযোগ করেন। তাতে উল্লেখ করেন, অভিযুক্ত অধ্যাপকের তত্ত্বাবধানে তিনি স্নাতকোত্তরের থিসিস করছেন। থিসিস শুরু হওয়ার পর থেকেই অধ্যাপক তাকে বিভিন্নভাবে যৌন হয়রানি করছেন। ৬ জানুয়ারি গবেষণাগারে তাকে একা পেয়ে ওই শিক্ষক যৌন নিপীড়ন করেন। এরপর ১৩ জানুয়ারি নিজের কক্ষে ডেকে নিয়ে ধর্ষণেরচেষ্টা করেন।