চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

যশোর সদরের সতীঘাটায় চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। নিহত ফয়জুর রহমান (২৪) ওই গ্রামের তোলাগোলদার পাড়ার জালাল উদ্দীন গাজীর ছেলে। তিনি ভাটা শ্রমিক ছিলেন।

যশোর কোতয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, সতীঘাটা গ্রামের তোলাগোলদারপাড়া গ্রামের আব্দুল্লাহ ও তার ছেলেরা শনিবার রাতে ফয়জুরকে তাদের রড চুরির অভিযোগে শনিবার রাতে ধরে তাদের বাড়িতে নিয়ে যায়। এরপর সেখানে হাতুড়ি ও রড দিয়ে মারধর করে। রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে তারাই তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় আব্দুল্লাহ ও তার দুই ছেলেকে আটক করা হয়েছে।

নিহত ফয়জুরের পিতা জালাল উদ্দীন গাজী জানান, তার ছেলে স্থানীয় কানাইতলার ভৈরবা ইট ভাটার শ্রমিক ছিলেন। শনিবার দিবাগত রাত ৪টার দিকে তিনি খবর পান তার ছেলেকে আব্দুল্লাহর বাড়িতে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। তিনি ওই বাড়িতে গেলে তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। পরে সকালে যখন ফয়জুরকে ওই বাড়ির লোকজন হাসপাতালে নিয়ে যায় তখন তারা পুলিশে খবর দেন। পুলিশ হাসপাতালে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আল হাসান জানান, সকাল ১১টা ৩০ মিনিটের দিকে ফয়জুরকে হাসপাতালে আনা হয়। তার অবস্থার সংকটাপন্ন ছিল। শরীর জুড়ে মারধরের চিহ্ন ছিল। ওয়ার্ডে ভর্তির পরপরই তার মৃত্যু হয়।