বাবাকে দেখতে কলকাতায় ছুটে এলেন মিঠুন পুত্র 

শারীরিক অসুস্থতা নিয়ে  কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী। শনিবার দিনভর ‘মহাগুরু’র স্বাস্থ্য সংক্রান্ত খবর নিয়ে চাপানউতর চলেছে। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন অভিনেতা। বাবার শারীরিক অসুস্থতার খবর পেয়ে শনিবার রাতেই মুম্বাই থেকে শহরে এসেছেন মিঠুনের বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমো।

সূত্রের খবর, রবিবার সকালে মিঠুনকে দেখতে হাসপাতালে আসেন মিমো। দু’জনের মধ্যে দীর্ঘক্ষণ কথাবার্তা হয়। সেই সময় পিতা-পুত্রের সঙ্গে ছিলেন টলিপাড়ার প্রযোজক অতনু রায়চৌধুরী।

জানা গেছে, তাদের দু’জনের সঙ্গে প্রায় এক ঘণ্টা কথাবার্তা বলেছেন মিঠুন। শনিবার ‘শাস্ত্রী’ সিনেমার শুটিং করতে বেরোনোর আগে অসুস্থ বোধ করেন মিঠুন। মিমোর সঙ্গে এই সিনেমার পাশাপাশি ‘প্রজাপতি’ নিয়েও একপ্রস্ত আলোচনা করেন মিঠুন।

উল্লেখ্য, সেই সিনেমারই প্রযোজক অতনু। এই সিনেমা নিয়ে যে মিঠুনের পরিবার কতটা গর্বিত, সে কথাও নাকি বার বার উঠে এসেছে মিঠুন এবং মিমোর বক্তব্যে।

শোনা যাচ্ছে, আজ রবিবার বিকালে মিঠুনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে। কিন্তু সে ক্ষেত্রে মিমো বাবাকে মুম্বাই নিয়ে যেতে চাইবেন কি না, সে প্রশ্নও উঠছে।