পাচারের শিকার তরুণীর ৯৯৯-এ ফোন, সীমান্ত এলাকা থেকে উদ্ধার

ভারতে কাজ দেয়ার কথা বলে তিন তরুণীকে গত ৭ ফেব্রুয়ারি ঝিনাইদহের মহেশপুরের সীমান্তবর্তী যাদবপুর ইউনিয়নের জলুলী গ্রামে নিয়ে আসেন মুন্নী নামক এক নারীর। সেখানে একটি বাড়িতে তিন দিন ধরে বন্দী রাখা হয় তাদের।

এই তথ্য জানিয়ে গতকাল শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত ২টায় একজন তরুণী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জরুরি উদ্ধার সহায়তার অনুরোধ জানান। তিনি জানান তার বয়স ২৫ বছর, তার সাথে থাকা অন্য দুইজনের বয়স  ২২ এবং ৪০ বছর।

তিনি আরও জানান, যেকোনো সময় তার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয়া হতে পারে তাই তিনি দ্রুত উদ্ধার সহায়তার অনুরোধ জানান।

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মমিনুর রহমান। কনস্টেবল মমিন তাৎক্ষণিকভাবে ঝিনাইদহের মহেশপুর থানায় তাদেরকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানান। পরবর্তীতে ৯৯৯ পুলিশ ডেসপাচার এসআই মো. মহিউদ্দিন মুন্না কলার এবং উদ্ধার সংশ্লিষ্ট থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার খোঁজখবর নিতে থাকেন।

সংবাদ পেয়ে মহেশপুর থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে তিন নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। নারী তিনজনকে তাদের অভিবাবকদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। তারা ঢাকার ডেমারায় থাকেন।

মহেশপুর থানার উদ্ধারকারী দলের নেতৃত্ব দেয়া এসআই শরীফুজ্জামান ৯৯৯-কে এ বিষয়ে নিশ্চিত করেন।