পাঞ্জেরী-বিটিএফ অনুবাদ সাহিত্য পুরস্কার-২০২৩ প্রদান

বাংলা ট্রান্সলেশন ফাউন্ডেশন ও পাঞ্জেরী পাবলিকেশনস-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো অনুবাদক সম্মেলন ও অনুবাদ সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান। শনিবার (১০ ফেব্রুয়ারি) শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ বছর পাঞ্জেরী-বিটিএফ অনুবাদ সাহিত্যে পুরস্কার ২০২৩ পেলেন অধ্যাপক আবদুস সেলিম (অনুবাদক আজীবন সম্মাননা), অধ্যাপক অভিজিৎ মুখার্জি (বর্ষসেরা অনূদিত বই), মশিউল আলম (বর্ষসেরা অনূদিত বই), মার্জিয়া রহমান (বর্ষসেরা অনূদিত বই)।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। অনুষ্ঠান সভাপতিত্ব করেন বাংলা ট্রান্সলেশন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ড. নূরুন নবী, শিশুসাহিত্যিক অমরেন্দ্র চক্রবর্তী, অধ্যাপক অভিজিৎ মুখার্জি, শিশুসাহিত্যিক লুৎফর রহমান রিটন, আমেরিকা লিটারারি ট্রান্সলেশন অ্যাসোসিয়েশনের সদস্য লেখক বনি চাও, মৃধা ফাউন্ডেশনের পরিচালক চিনু মৃধা, শিল্পী রাকীব হাসান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা ট্রান্সলেশন ফাউন্ডেশনের সহসভাপতি শাহাব আহমেদ, অন্যতম প্রতিষ্ঠাতা আনিসুজ জামান ও পাঞ্জেরী পাবলিকেশনস এর প্রকাশক কামরুল হাসান শায়ক। সঞ্চালনা করেন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি কথাসাহিত্যিক মোজাফফর হোসেন।

অধ্যাপক ফকরুল আলমের সভাপতিত্বে অনুবাদ বিষয়ক আলোচনা সভায় অংশ নেন অধ্যাপক অভিজিৎ মুখার্জি, অধ্যাপক রাশিদ আসকারী, অধ্যাপক রফিক-উম মুনীর চৌধুরী, আমেরিকা থেকে আগত অনুবাদক বনি চাও, অনুবাদক জাভেদ হুসেন ও অধ্যাপক মুহাম্মদ শফিকুল ইসলাম। সঞ্চালনা করেন বাংলা একাডেমির অনুবাদ উপবিভাগের উপপরিচালক সায়েরা হাবীব।

‘পাঞ্জেরী-বিটিএফ অনুবাদ সাহিত্য পুরস্কার-২০২৩’ প্রদান পর্বে সভাপতিত্ব করেন পুরস্কার প্রদান কমিটির সভাপতি অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক কায়সার হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি শামীম আজাদ ও কথাসাহিত্যিক ফারুক মঈনউদ্দীন।

পুরস্কার লেখকদের ক্রেস্ট উত্তরীয় ও পুরস্কারের অর্থমূল্য তুলে দেওয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে বাংলা ট্রান্সলেশন ফাউন্ডেশন-এর অনুবাদ সাহিত্যপত্রিকা ‘যুক্তস্বর’—এর মধ্যপ্রাচ্য সাহিত্য সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। উল্লেখ্য, সংখ্যাটি প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স লি.।

অনুবাদ সাহিত্য পুরস্কার: আজীবন সম্মাননা-২০২৩ বিভাগে পুরস্কৃত হন অধ্যাপক আবদুস সেলিম। ‘বর্ষসেরা অনূদিত বই: বাংলা থেকে অন্যান্য ভাষা’ বিভাগে পুরস্কৃত হয় ‘The Aftermath’ (মূল: সৈয়দ শামসুল হক, অনুবাদ: মার্জিয়া রহমান, প্রকাশক: বেঙ্গল লাইটস বুকস) এবং ‘বর্ষসেরা অনূদিত বই: অন্যান্য ভাষা থেকে বাংলা’ বিভাগে যৌথভাবে পুরস্কৃত হয় দুটি বই: ‘অঙ্কের জগৎ ও অধ্যাপকের প্রেম’ (মূল: ইয়োকো ওগাওয়া, অনুবাদক: অভিজিৎ মুখার্জি, প্রকাশক: যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রকাশনা) এবং ‘তলকুঠুরির কড়চা’ (মূল: ফিওদর দস্তইয়েফ্স্কি, অনুবাদ: মশিউল আলম, প্রকাশক: মাওলা ব্রাদার।

উল্লেখ্য, বাংলা ভাষার অনুবাদ সাহিত্যের সামগ্রিক উন্নয়ন ও বিকাশে কাজ করার লক্ষ্যে বাংলা ট্রান্সলেশন ফাউন্ডেশন ও পাঞ্জেরী পাবলিকেশনস লি.—এর মধ্যে গত ৪ অক্টোবর ২০২৩ এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।