অলিম্পিকের টিকিট পেতে আজ ব্রাজিলকে হারাতেই হবে আর্জেন্টিনার

২০২৪ প্যারিস অলিম্পিকে কনমেবল অঞ্চল থেকে সুযোগ পাবে দুটি দল। সেই দুটি দলের একটি হতে আজ রাতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ২টা ৩০ মিনিটে হবে শুরু হবে ম্যাচ। অলিম্পিক বাছাই বা অলিম্পিকেও খেলে অনূর্ধ্ব-২৩ দল। তবে অলিম্পিকের দলে ২৩ বছর এর বেশি তিনজন খেলানো যায়।

কনমেবল অঞ্চলে বাছাইয়ের চূড়ান্ত পর্বে খেলছে চারটি দল। ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও ভেনেজুয়েলা। এই চার দলের মধ্যে শীর্ষ থাকা দুটি দল যাবে প্যারিসে। ব্রাজিল ও আর্জেন্টিনা দুটি দলেরই অলিম্পিকে যাওয়ার সুযোগ থাকছে না। সেটি পয়েন্ট টেবিল দেখলেই বোঝা যাবে।

সমান ২টি করে ম্যাচ শেষে চার পয়েন্টে শীর্ষ আছে প্যারাগুয়ে। তাদের প্যারিস যাওয়া অনেকটা নিশ্চিত। তিন পয়েন্টে দুইয়ে আর্জেন্টিনা, দুই পয়েন্টে তিনে আর্জেন্টিনা ও এক পয়েন্টে চারে আছে ভেনেজুয়েলা।

আজ ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচে জয়ী দল পেয়ে যাবে অলিম্পিকের টিকিট। কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে ব্রাজিল। ড্র করলেও তারা পেতে পারে অলিম্পিকের টিকিট। আর্জেন্টিনার সামনে জয়ের বিকল্প নেই।

অপর ম্যাচে মুখোমুখি হবে প্যারাগুয়ে ও ভেনেজুয়েলা। ড্র করলেই নিশ্চিত হবে প্যারাগুয়ের প্যারিসের টিকিট। তবে যদি হেরে যায় তবু সুযোগ থাকবে। কারণ সমান ৪ পয়েন্ট হতে পারে তিনটি দলের। যদি ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ ড্র হয়, আর ভেনেজুয়েলা নিজেদের ম্যাচ জেতে তখন ৪ করে পয়েন্ট হবে ব্রাজিল, প্যারাগুয়ে ও ভেনেজুয়েলার। তখন দেখা হবে মুখোমুখি লড়াইয়ের হিসেব। ব্রাজিল ভেনেজুয়েলাকে হারিয়েছে, হেরেছে প্যারাগুয়ের বিপক্ষে।

টোকিও অলিম্পিকের বাছাইয়ের চূড়ান্ত পর্বেও মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। সেবার ব্রাজিল ৩-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনাকে। তবে সেবার বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়েই মূলপর্বে খেলেছিল আর্জেন্টিনা। ব্রাজিল খেলেছিল দ্বিতীয় দল হিসেবে। তবে অলিম্পিকে সেবার স্বর্ণপদক জিতেছিল ব্রাজিল।