ফেব্রুয়ারির ৯ দিন রেমিট্যান্স এলো ৭ হাজার কোটি টাকা

ফেব্রুয়ারি মাসের প্রথম ৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৬৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ১১০ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ছয় হাজার ৯৪৯ কোটি টাকা।

প্রবাসীরা বৈধ পথে ও ব্যাংকিং চ্যানেলে এই রেমিট্যান্স পাঠিয়েছেন।

রবিবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে জানুয়ারি মাসে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির শুরুর ৯ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৬ কোটি ৯০ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৫৩ কোটি ১৬ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।