চট্টগ্রামে এক গৃহবধূর নগ্ন ছবি ও ভিডিও তার প্রবাসী স্বামীর কাছে পাঠানোর হুমকি দিয়ে টাকা দাবির অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (সিটিইউ)। তার নাম এস এম আতিক শাহরিয়ার।
সিটিইউ'র কর্মকর্তা নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার আসিফ মহিউদ্দিন জানান, সম্প্রতি নগরের চান্দগাঁও থানায় ভুক্তভোগী গৃহবধূর এজাহার দায়েরের প্রেক্ষিতে আতিককে রবিবার (১১ ফেব্রুয়ারি) সকালে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে আলামত হিসেবে একটি মোবাইল জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আতিক ভুক্তভোগী নারীর আপন চাচাতো ভাই।
জিজ্ঞাসাবাদে আতিক পুলিশ কর্মকর্তাদের জানান, কিছুদিন আগে কৌশলে ভুক্তভোগী গৃহবধূর পুরনো মোবাইল থেকে ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও সংগ্রহ করেন। পরে ফেসবুকে ফেক আইডি খুলে সেসব ছবি ও ভিডিও ওই গৃহবধূর প্রবাসী স্বামী ও ভাবীর কাছে পাঠানোর হুমকি দিয়ে বিকাশে ৩০ হাজার টাকা দাবি করেন আতিক।
মানসিকভাবে বিপর্যস্ত ওই গৃহবধূর চান্দগাঁও থানায় সাধারণ ডায়েরি করেন। পাশাপাশি একই বিষয়ে সিটিইউ’র কাছে লিখিত অভিযোগও দেন। ঘটনা তদন্তের একপর্যায়ে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আতিক শাহরিয়ারকে শনাক্ত করে সিটিইউ। আতিকের বিরুদ্ধে চান্দগাঁও থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা আসিফ মহিউদ্দিন।