সাভারের আশুলিয়ায় অগ্নিকান্ডে মারা গেছে এক শিশু। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মারা গেছে খামারের ১০টি ছাগল। প্রতিনিধিদের পাঠানো খবর:
সাভার : আশুলিয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে বসতবাড়ি পুড়ে যাওয়াসহ সাকিব (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার পাথালিয়া ইউনিয়নের পানধোয়া এলাকায় শামসুন্নাহারের মালিকানাধীন টিনশেড বাড়িতে এ অগ্নিকান্ড হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং শিশুটির দগ্ধ মরদেহ উদ্ধার করে। নিহত সাকিব পানধোয়া এলাকার দিনমজুর নিজাম উদ্দিনের ছেলে।
জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, ‘শিশুকে তালাবদ্ধ রেখে কাজে যেতেন বাবা-মা। এক প্রতিবেশীর কাছে সাকিবদের ঘরের চাবি ছিল কিন্তু আগুন ছড়িয়ে পড়লে তারা ঘর খুলে শিশুটিকে বের করার চেষ্টা করলেও আগুনের তীব্রতায় পারেনি।’
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : সিদ্ধিরগঞ্জে একটি ছাগলের খামারে অগ্নিকান্ড হয়েছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে খামারের ১০টি ছাগল।
এছাড়াও খামারের পাশে একটি তিনতলা ভবনে আগুন ছড়িয়ে পড়ায় একটি ফ্ল্যাটের আসবাবপত্র পুড়ে গেছে। গত শনিবার রাত ১টার দিকে মিজমিজি মজিববাগ গ্যাসলাইন এলাকায় রূপালী বেগমের খামারে এ ঘটনা ঘটে।
আদমজী ইপিজেড ফায়ার স্টেশন অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ আব্দুল হাই বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত।’