মেসির জন্য অলিম্পিকের দরজা খোলা: মাসচেরানো

নানা জল্পনার পর চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিলকে হারিয়ে প্যারিস অলিম্পিক ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে আর্জেন্টিনা অনূর্দ্ধ-২৩ জাতীয় দল। দলটির দায়িত্বে রয়েছেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক হ্যাভিয়ের মাসচেরানো। অলিম্পিক ফুটবলে বয়সভিত্তিক দল পাঠাতে হলেও সেখানে খেলতে পারেন তিনজন সিনিয়র। ক্যারিয়ারের সায়াহ্নে এসে আর্জেন্টাইন ফুটবল ভক্তদের প্রত্যাশা জাদুকর লিওনেল মেসি খেলুক আরও একটি অলিম্পিক।

খেলোয়াড় হিসেবে ২০০৪ ও ২০০৮ এ অলিম্পিক চ্যাম্পিয়ন হয়েছিলেন মাসচেরানো। এবার ২০২৪ এ কোচ হিসেবে অংশ নেবেন। বিরূপ সব সমালোচনা পাশ কাটিয়ে গতরাতে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে অলিম্পিকের টিকিট নিশ্চিত করে তার দল। অন্য ম্যাচে ভেনেজুয়েলাকে ২-০ গোলে হারিয়ে প্যারাগুয়ে নিশ্চিত করেছে নিজেদের অবস্থান। বাদ পড়তে হয়েছে গতবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে।

মেসির অলিম্পিক খেলা নিয়ে মাসচেরানো বলেন, ‘মেসি ও ডি মারিয়ার সঙ্গে আমার সম্পর্ক দারুণ। আমরা বন্ধু। কোচ হিসেবে আমি তাদেরকে অবশ্যই দলে নিতে চাইব। তবে খেলোয়াড় হিসেবে দুজনের অন্যান্য দায়বদ্ধতার জায়গা আছে। দিনশেষে এটি তাদের উপরই নির্ভর করবে।’

মাসচেরানো যোগ করেন, ‘সবাই জানে মেসির সঙ্গে আমার সম্পর্কের গভীরতা কোন পর্যায়ে। ওর মতো একজন খেলোয়াড়ের জন্য যেকোনো দলের দরজা সবসময় খোলা। এখন বাকিটুকু নির্ভর করছে মেসির নিজের সিদ্ধান্তের এবং অন্যান্য প্রতিশ্রুতির উপর।’

মাত্রই অলিম্পিকের টিকিট নিশ্চিত হয়েছে। উচ্ছ্বসিত আর্জেন্টিনার অধিনায়ক থিয়াগো আলমাদা। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি মেসির অলিম্পিকে খেলার ইচ্ছা রয়েছে। আর তা যদি সত্যি হয় তাহলে বিষয়টি হবে স্বপ্নের মতো।’

জুলাইয়ের ২৪ তারিখ থেকে শুরু হতে যাওয়া অলিম্পিকের ঠিক ১০ দিন আগে শেষ হবে কোপা আমেরিকার আসর। কোপায় আর্জেন্টিনা সিনিয়র দলের নেতৃত্ব দেবেন মেসি। থাকবেন ডি মারিয়াও। শুধু মাত্র ইচ্ছা শক্তিই যথেষ্ট হবে না মেসি-মারিয়াদের জন্য। অলিম্পিকে অংশ নিতে হলে মিলতে হবে এসব সূচীর সমীকরণও।