প্রধানমন্ত্রী হতে চান বিলাওয়াল-নওয়াজ উভয়ই

পাকিস্তানে নির্বাচনের ফলাফলের প্রকাশের পর থেকেই নওয়াজ শরীফের দল পিএমএল-এন বিলাওয়াল ভুট্টোর দল পিপিপি'র সঙ্গে সরকার গঠন নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে। তবে এখন পর্যন্ত কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তারা।

নিজেদের প্রস্তাবনা চূড়ান্ত করতে পিপিপি আজ ইসলামাবাদে কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠক করবে বলে জানা গেছে। খবর দ্যা ডন।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন পিএমএল-এন এর বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে পিএমএল-এন প্রধানমন্ত্রীর পদ দাবি করবে, এর বিনিময়ে তারা পিপিপিকে প্রেসিডেন্ট, জাতীয় পরিষদের স্পিকার এবং সিনেট চেয়ারম্যানের মত পদ প্রস্তাব করা হবে।  

এদিকে পিপিপির বিলাওয়াল ভুট্টোও শুরু থেকেই প্রধানমন্ত্রীর পদের জন্য মুখিয়ে আছেন বলে পাকিস্তানি গণমাধ্যমগুলো জানিয়েছে।  

ডন জানায়, পিএমএল-কিউ নেতা চৌধুরী সুজাতের সঙ্গে আজ ইসলামাবাদে বৈঠক করবে নওয়াজ শরীফ।

এদিকে জোট সরকার গঠনের ক্ষেত্রে বিপাকে পরতে পারেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। কারণ দলীয় ব্যানারে নির্বাচন না করায় জাতীয় ও প্রাদেশিক পরিষদে সংরক্ষিত আসন লাভের ক্ষেত্রে বিপদে পড়তে পারেন এই দলের বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা।

যদিও জোট সরকার গঠনে আগ্রহী নয় পিটিআই। জোট সরকার গঠন করার চেয়ে সংসদে বিরোধী দলে বসা ভালো বলে মন্তব্য করেছেন পিটিআই প্রধান ব্যারিস্টার গহার আলী খান

গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পাকিস্তানের নির্বাচনে সবচেয়ে বেশি ১০১টি আসনে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা যাদের মধ্যে পিটিআই সমর্থিত প্রার্থী রয়েছেন ৯৬জন, এছাড়া নওয়াজের দল ৭৫টি আসনে জয় পেয়েছে, অন্যদিকে বিলাওয়াল ভুট্টোর পিপিপি জয়ী হয়েছে ৫৪ আসনে।