মন্ত্রিসভার পরিধি বাড়তে পারে: ওবায়দুল কাদের

বর্তমান মন্ত্রিসভার পরিধি বাড়তে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা বলেছেন।

মন্ত্রিসভার পরিধি বাড়ছে, এমন একটা কথা শোনা যাচ্ছে- এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, মন্ত্রিসভার পরিধি বাড়বে কিনা এটি প্রধানমন্ত্রী বলতে পারেন। তবে সময় মতো কিছু, যেমন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়; এগুলোয় কোনো না কোনো সময় মন্ত্রী আসবেন। সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের পর নির্বাচিতদের মধ্য থেকে কেউ কেউ মন্ত্রী হতে পারেন।

রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, আমরা সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক মানে আমেরিকাকে সরাসরি শত্রু বানাতে চাই না। নির্বাচনে সহায়তা করায় রাশিয়াকে ধন্যবাদ জানিয়েছি।

গত ১১ জানুয়ারি অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যাত্রা শুরু করে নতুন মন্ত্রিসভা। এবার মন্ত্রিসভা গঠন করা হয়েছে অভিজ্ঞ, দক্ষ, কর্মঠ ও তারুণ্যের সমন্বয়ে। পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা। আর টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ।