রাজধানীর বংশালের সিদ্দিকবাজারে একটি জুতার দোকানে আগুনে দুই যুবক দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইউনিটে ভর্তি করা হয়েছে। আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন বাহার উদ্দিন (২৬) ও তোফাজ্জল হোসেন (২৪)।
দগ্ধ তোফাজ্জল হোসেন জানান, তার বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুরে। ঢাকায় একটি কাজে এসেছিলেন তিনি। পরবর্তীতে সিদ্দিকবাজারে ওই জুতার দোকানে যান তার এক পরিচিতের সাথে দেখা করতে। সেখানে গিয়ে দোকানে ভেতর বসে আড্ডা দেওয়ার সময় হঠাৎ আগুন ধরে ওঠে। এতে তিনি এবং কারখানার কর্মচারী বাহার দগ্ধ হন। জুতার দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা জুতার আঠার গ্যাস থেকেই এই আগুনের ঘটনা ঘটে বলে ধারণা তার।
এদিকে চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, তাদের দুজনেরই দুই হাতে এবং পায়ে দগ্ধ হয়েছে। বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন তারা। ঘটনাটি তদন্তের জন্য বংশাল থানায় জানানো হয়েছে।