অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে খেলার পর এবার টি-টোয়েন্টি অভিষেকের হাতছানি জেইক ফ্রেজার-ম্যাকগার্কের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির দলে যুক্ত করা হয়েছেন ২১ বছর বয়সী বিধ্বংসী এই ব্যাটসম্যান।
অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির পর বাড়ি ফিরে গেছেন পেসার জশ হ্যাজেলউড। তার বদলে দলে নেওয়া হয়েছে ২৭ বছর বয়সী পেসার ওয়েস অ্যাগারকে, সম্পর্কে তিনি অ্যাশটন অ্যাগারের ভাই। ওয়েস অ্যাগার এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে দুটি ওয়ানডে খেলেছেন, ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই।
উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে অভিষেকে সিডনিতে ৫ বলে ১০ রান করে আউট হলেও পরের ম্যাচে ক্যানবেরায় ১৮ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলে নজর কাড়েন ম্যাকগার্ক। অস্ট্রেলিয়ান ক্রিকেটে নতুন ম্যাক্সওয়েল' তকমা পেয়েছেন ম্যাকগার্ক জাতীয় দলে আসার আগেই।
ম্যাক্সওয়েলকে শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। অ্যাডিলেইডে তাকে বিশ্রামে রাখার পরিকল্পনা ছিল। তবে ওই ম্যাচে খেলেন এবং ৫০ বলে সেঞ্চুরি করেন।
গত অক্টোবরে লিস্ট 'এ' ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ২৯ বলে সেঞ্চুরি করে এডি ডি ভিলিয়ার্সের রেকর্ড ভেঙেছিলেন ম্যাকগার্ক।