শীতের বিদায়? বাড়বে দিন ও রাতের তাপমাত্রা

আগামী ৪৮ ঘণ্টায় দেশে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এরপর পরের ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা বাড়লেও সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা। এ সময় দেশের মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আগামী তিন দিনে বৃষ্টি ও শৈত্যপ্রবাহের কোনো আভাস দেয়নি আবহাওয়া অফিস।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত ওই পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

কুয়াশার পূর্বাভাসে বলা হয়েছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

তাপমাত্রার পূর্বাভাসে জানানো হয়েছে, প্রথম ৪৮ ঘণ্টায় দেশে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এর পরের ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা বাড়লেও সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পরিস্থিতিতে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছে, ধীরে ধীরে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে থাকবে। এর পর থেকে কনকনে শীতের সম্ভবনা খুবই কম। শেষ রাতে শীত অনুভুত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সেখানে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ ছাড়া সর্বোচ্চ ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে।