পুলিশ ও বিজিবির মধ্যে সমন্বয় নেই: চুন্নু

কোনোভাবেই মানবপাচার থামছে না বলে অভিযোগ তুলে বিরোধী দলীয় চীফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘পুলিশ ও বিজিবির মধ্যে কোনো সমন্বয় নেই। যে কারণে এই পাচার বন্ধ করা যাচ্ছে না।’

সোমবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে তিনি বলেন, সবাই সবকিছু জানে তবুও কোনোভাবেই থামছে না ভয়ঙ্কর মানবপাচার। সীমান্তবর্তী চার জেলাগুলোর ১০টি পয়েন্ট দিয়ে দীর্ঘদিন ধরেই চলছে পাচারের মতো জঘন্য কর্মকান্ড। অপেক্ষাকৃত নিরাপদ হওয়ায় নারী-শিশু পাচারের জন্য এসব পয়েন্ট বেছে নিচ্ছে পাচারকারীরা।

বিরোধী দলীয় চীফ হুইপ বলেন, সীমান্ত এলাকায় অভিযান নিয়ে মাঝে মধ্যেই বিবাদে জড়িয়ে সভায় আইন প্রয়োগকারী সংস্থাগুলো। আর সেই সুযোগ নিচ্ছে পাচারকারীরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও ক্ষমতাসীন দলের কিছু নেতা ও জনপ্রতিনিধি পাচারকারীদের সঙ্গে জড়িত। ২০০৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত পাচারের ঘটনায় দেশ ও দেশের বাইরে ৬ হাজার ৭৩৫টি মামলা হয়। মামলাগুলোর ভুক্তভোগীর সংখ্যা ছিল ১২ হাজার ৩২৪ জন। গত ১২ বছরে ভারতে পাচার হওয়া ২ হাজার ৫০ জনকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফিরিয়ে আনা হয়েছে।

মুজিবুল হক চুন্নু বলেন, আইনে আছে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে বিজিবি চাইলে অপারেশন করতে পারে, পাচারকারীদের ধরতে পারে। পুলিশ তো যেকোনো জায়গায় যেতে পারে। কিন্তু যখন পুলিশ ধরতে যায়, সীমান্তে ৮ কিলোমিটারের মধ্যে তখন আবার বিজিবি পুলিশকে বাধা দেয়। পুলিশ এবং বিজিবির মধ্যে কোন সমন্বয় নাই। পাচার এখনও চলছে। নারী-শিশু পাচারের মতো জঘন্য ঘটনা হর হামেশা দেখছি। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব বিষয়টি খুব গুরুতর অপরাধের বিষয়। এ বিষয়ে সরকার সচেতন ও প্রয়োজনী পদক্ষেপ না নিলে নিরীহ মানুষ যাবে কোথায়?