দেশে সাড়ে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত) ১ হাজার ২৮২টি নমুনা পরীক্ষা করে ৬৮ জন রোগী পাওয়া গেছে। এর আগে এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয় গত বছরের ১ আগস্ট ৭৫ জন। সেদিন একজনের মৃত্যু হয়েছিল।
নতুন রোগীদের মধ্যে ৬৩ জনই ঢাকার। বাকি পাঁচজনের মধ্যে তিনজন কক্সবাজারে ও দুজন বগুড়ায় শনাক্ত হয়েছে।
চার দিন পর গতকাল করোনায় একজনের মৃত্যু হয়েছে। তিনি বগুড়ায় চিকিৎসা নিচ্ছিলেন। এ নিয়ে এ মাসের ১২ দিনে দুজন মারা গেলে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত সপ্তাহে (ষষ্ঠ সপ্তাহ, ৫-১১ ফেব্রুয়ারি) আগের সপ্তাহের (পঞ্চম সপ্তাহ, ২৯ জানুয়ারি-২ ফেব্রুয়ারি) তুলনায় করোনা রোগী ১৫ শতাংশ কমেছে। গত সপ্তাহে শনাক্ত হয় ২৫৫ ও তার আগের সপ্তাহে ২৯৯ জন। তবে গত চার সপ্তাহ ধরে সপ্তাহে একজন করে মারা গেছে।
ডেঙ্গু কমেছে ১০% : গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় ডেঙ্গু রোগী ১০ শতাংশ কমেছে। গত সপ্তাহে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ১০৩ জন। তার আগের সপ্তাহে রোগী ছিল ১১৫ জন। গত তিন সপ্তাহ ধরেই ডেঙ্গু রোগী কমছে। গত সপ্তাহে মোট রোগীর ৫৪ শতাংশ বা ৫৬ জন ছিল পুরুষ ও ৪৬ শতাংশ বা ৪৭ জন ছিল নারী।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে সাতজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি হয়েছে চারজন ও তিনজন ঢাকায়।
এ নিয়ে এবছর এখন পর্যন্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৩১ জন। তাদের মধ্যে ঢাকার বাইরে ৮০৭ ও ঢাকায় ৪২৪ জন। মোট মারা গেছে ১৬ জন। তাদের মধ্যে ঢাকায় ১০ জনের ও ঢাকার বাইরে ছয়জনের মৃত্যু হয়েছে।