চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো পর্ব শুরু হচ্ছে আজ থেকে। বাংলাদেশ সময় রাত ২টায় প্রথম লেগে জার্মান ক্লাব লাইপজিগের মুখোমুখি হবে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে রিয়াল পাচ্ছে না ফর্মে থাকা জুড বেলিংহ্যামকে। তবে মিডফিল্ডার বেলিংহ্যামের না থাকা নিয়ে ভাবছেন না কোচ রিয়াল কার্লো আনচেলত্তি। তিনি মনে করেন চোট সমস্যা প্রেরণার সুযোগ।
অ্যাঙ্কেলের চোটের কারণে বেলিংহ্যামকে পাচ্ছে না রিয়াল। তাকে ছাড়াও দল ঠিকই ভালো করবে বলে বিশ্বাস কোচের। লস ব্লাঙ্কোসদের শিবিরে এবার চোটের আঘাতটা বেশিই। তবে মাঠের ফুটবলে সেই প্রভাব খুব একটা পড়তে দেননি আনচেলত্তি।
চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে তারা জিতেছে ৬ ম্যাচের সবগুলোই।
আনচেলত্তি বলেন, 'যারা দলের সঙ্গে নেই, তাদের নিয়ে আমি কখনোই ভাবি না। যারা দলে আছে, তাদের নিয়েই ভাবা উচিত। বেলিংহ্যাম নেই, কিন্তু তাকে ছাড়া তো এই মৌসুমে চার ম্যাচের চারটি জিতেছি আমরা। তার পরিবর্তে যে-ই খেলেছে, ভালো করেছে।'
আনচেলত্তির কাছে চোট সমস্যা নয় বরং প্রেরণা। 'বেলিংহ্যাম অবশ্যই ভালো ফুটবলার। চোট সমস্যাগুলি বরং আরও বেশি প্রেরণা পাওয়ার সুযোগ। আমরা অবশ্যই লাইপজিগের বিপক্ষে ভালো করতে পারি। আমরা ভালো ছন্দে আছি।'
দলে খেলোয়াড়দের চোটের তালিকা দীর্ঘ হওয়ায় রাইট ব্যাক দানি কার্ভাহাল খেলছেন সেন্ট্রাল ডিফেন্সে, মিডফিল্ডার চুয়ামেনি নিয়মিতই খেলছেন রক্ষণে।