চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচন করবেন ড্যানি সিডাক। এর আগেও ড্যানি সিডাক চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছিলেন। সেসময়য় বিপুল ভোটে পরাজিত হয়েছিলেন।
এবার তিনি একটি প্যানেল দেবেন। এমনটাই জানালেন অভিনেতা। তিনি বলেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতেও পর পর তিনবার সিনিয়র সহ-সভাপতি ছিলাম। শিল্পী ও ইন্ডাস্ট্রির মানুষের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। বিগত বছরগুলোতে সমিতি নিয়ে বিভিন্ন বিতর্কের ঘটনা সবাই দেখেছেন।
‘সুপারম্যান’র নায়ক আরও বলেন, অনেকেই নির্বাচনের আগে বড় বড় ঘোষণা দেন। কিন্তু পরে সেসব পূরণ করেন না। এটা নিয়ে সাধারণ শিল্পীদের মাঝেও ক্ষোভ রয়েছে। তাদের মধ্যে থেকেও অনেকেই আমাকে নির্বাচন করার কথা বলেছেন। আমি চেষ্টা করব শিল্পীদের প্রত্যাশা পূরণের।
ড্যানি সিডাক বলেন, আমি জানি শিল্পীদের চাওয়া। এছাড়া সিনেমার অবস্থা আগের মতো নেই। সিনেমার উন্নয়নেও শিল্পী সমিতির ভূমিকা রাখা প্রয়োজন। আমরা প্যানেলের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। তপশিল ঘোষণার পরে পুরো প্যানেলের ঘোষণা দেব। তার আগে আমরা নিজের মধ্যকার কাজ এগিয়ে নিচ্ছি।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন হবে চলতি বছরের ১৯ এপ্রিল। এখন পর্যন্ত ডিপজল-মিশা প্যানেল করবেন বলে জানিয়েছেন। এই প্যানেল থেকে সভাপতি নির্বাচনের সম্ভাবনা রয়েছে মিশা সওদাগরের।