বিলাওয়ালের দলের র‍্যালিতে গোলাগুলি, নিহত তিন সমর্থক

নির্বাচন পরবর্তী সহিংসতা অব্যাহত রয়েছে পাকিস্তানে। এবার বিলাওয়াল জারদারির দল পাকিস্তান পিপলস পার্টির এক র‍্যালিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে হামলায় তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দেরা ইসমাইল খান শহরে পিপিপির একটি র‍্যালিতে হামলা হয়। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম দ্যা ডন।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান পিপলস পার্টির দলীয় প্রার্থী আহমেদ করিম কুন্ডি নির্বাচনে জয় লাভ করায় তাকে অভিনন্দন জানাতে র‍্যালি করে যাচ্ছিলেন পিপিপি সমর্থকেরা। র‍্যালিটি ভুদ এলাকায় আসার পর একটি গাড়িতে হামলা করা হয়। পুলিশ বলছে, আগ্নেয়াস্ত্র নিয়ে বেশ কয়েকজন এই হামলা করেন।

তবে কারা এই হামলা চালিয়ছেন, তা এখনো জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কেউ দায় স্বীকার করেনি।

হামলার খবর পেয়ে পুলিশসহ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের হাসপাতালে নিয়ে যায়। পুলিশের একটি দল ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

দলের সমাবেশে হামলার ঘটনায় পিপিপির কেন্দ্রীয় তথ্য সম্পাদক ফয়সাল করিম কুন্দি তীব্র নিন্দা ও হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এদিকে পুলিশ মহাপরিদর্শক এবং আঞ্চলিক পুলিশ কর্মকর্তা হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ফয়সাল করিম কুন্দি।