সেবার মান বাড়াতে ডেসকো-ফাইবার এট হোমের মধ্যে চুক্তি

গ্রাহক সেবার মান আরও উন্নত করতে নানামুখি উদ্যোগ নিয়েছে রাষ্ট্রায়ত্ব বিদ্যুৎ বিতরণ কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। এরই অংশ হিসেবে প্রতিষ্ঠানটির ‘স্ক্যাডা’ প্রকল্পের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বেসরকারি কোম্পানি ফাইবার এট হোমের সঙ্গে ৩ বছর মেয়াদী একটি চুক্তি সই হয়েছে মঙ্গলবার।

এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ডেসকোর পক্ষে চুক্তিতে সই করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান এবং ফাইবার এট হোমের পক্ষে জেনারেল ম্যানেজার মাসুদ মিয়া।

সুপারভাইজরি কন্ট্রোল অ্যান্ড ডেটা একুইজিশনের সংক্ষিপ্ত রূপ হলো স্ক্যাডা। এটি এমন এক ধরনের আধুনিক প্রযুক্তি স্বয়ংক্রিয় ব্যবস্থা যার সাহায্যে তাৎক্ষণিক ডেটা বা তথ্য সংগ্রহ, দ্রুত বিশ্লেষন, পর্যবেক্ষণ এবং সিস্টেম নিয়ন্ত্রণ করা যায় খুব সহজেই। এর মাধ্যমে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আরও উন্নত হওয়ার ফলে গ্রাহক সেবার মানও উন্নত হয়। সেই সঙ্গে বিদ্যুতের অপচয়, চুরিসহ নানা অব্যবস্থাপনা প্রতিরোধের পাশাপাশি গ্রাহক ভোগান্তি কমানো সম্ভব।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমীর আলী বলেন, 'স্মার্ট বাংলাদেশ গঠনের একটি অনুষঙ্গ স্ক্যাডা সিস্টেম। এটা একেবারেই ভিন্ন ধরনের ম্যাকানিজম। আমরা আগামীদিনে স্ক্যাডার সক্ষমতা আরো বৃদ্ধির লক্ষে এ চুক্তি স্বাক্ষর করেছি যা ডেসকোর সক্ষমতাকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে। অদূর ভবিষ্যতে সবগুলো সাব-স্টেশন নিয়ন্ত্রণ হবে স্ক্যাডা সেন্টারের মাধ্যমে।’

এ সময় আরও বক্তব্য দেন ডেসকোর নির্বাহী পরিচালক (সংগ্রহ) এ কে এম মহিউদ্দিন, ফাইবার এট হোমের চেয়ারম্যান মঈনুল হোসেন সিদ্দিকী, ব্যবস্থাপনা পরিচালক  রফিকুর রহমান প্রমুখ। অন্যান্যদের মধ্যে ডেসকোর নির্বাহী পরিচালক (প্রশাসন ও এইচ আর) খন্দকার জহিরুল ইসলাম, নির্বাহী পরিচালক প্রকৌশল জগদীশ চন্দ্র মন্ডল, নির্বাহী পরিচালক (অপারেশন) মো. জাকির হোসেনসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।