রাসেল ঝড়ে ৫ ম্যাচ পর অজিদের হারাল উইন্ডিজ

২৯ বলে ৭১ রান, তাতে বাউন্ডারি ৪টি, ওভার বাউন্ডারি ৭টি। এমন দানবীয় ইনিংস উপহার দিয়ে উইন্ডিজদের দলীয় সংগ্রহ দুশো ছাড়িয়ে নিয়ে যান আন্দ্রে রাসেল। তার সঙ্গে জুটি গড়া শের্ফান রাদারফোর্ড অপরাজিত থাকেন ৪০ বলে ৬৭ রান করে। তাতে উইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ২২০ রান।

জবাবে ডেভিড ওয়ার্নারের ৮১ ও টিম ডেভিডের ১৯ বলে অপরাজিত ৪১ পর্যাপ্ত হয়নি রান তাড়ার জন্য। ৫ উইকেটে তারা করতে পেরেছে ১৮৩ রান। তাতে অস্ট্রেলিয়ার কাছে টানা ৫ টি-টোয়েন্টি হারের পর অবশেষে ৩৭ রান ব্যবধানে জয়ের মুখ দেখলো ওয়েস্ট ইন্ডিজ। দুই্ দলের ২২ বারের দেখায় এখন সমতা ১১ জয়ে।

ষষ্ঠ উইকেটে রাসেল-রাদারফোর্ডের ১৩৯ রানের জুটি শুধুর উইন্ডিজ নয় সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। তারা ভেঙেছেন টনি উরা-নরম্যান ভানুয়ার ১১৫ রানের জুটি। উইন্ডিজদের হয়ে সর্বোচ্চ ছিল কাইরন পোলার্ড-ফ্যাবিয়েন অ্যালেনের ৮৪ রানের জুটি। ঝড়ো ইনিংস খেলার পথে ১৯তম ওভারে ২৮ রান তোলেন রাসেল। তাতে অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে ৬৫ রান হজম করেন অ্যাডাম জাম্পা। যা অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ। আগেরটি ছিল অ্যান্ড্রু টাই-এর ৬৪।

২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজ ১-১ এ সমতার পর। ফ্র্যাঙ্ক-ওরেল সিরিজটি ওয়ানডে সূচীতে তিন ম্যাচই হেরেছিল উইন্ডিজ।