স্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, কুপিয়ে হত্যা

সাভারে পারিবারিক কলহের জেরে বাগবিতণ্ডা ও স্বামী-স্ত্রী মধ্যে ঝগড়ার ঘটনায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে পাষণ্ড স্বামী। এঘটনায় স্থানীয়দের সহযোগিতায় ঘাতক স্বামী হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সাভার পৌর এলাকার রাজাবাড়ি প্রাইমারি স্কুলসংলগ্ন আব্দুল মজিদ খানের বাড়ির ষষ্ঠ তলার একটি কক্ষে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এছাড়া ঘাতক স্বামীকে গ্রেপ্তার করে থানায় নেয়।

গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার অলঙ্কারপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় জে কে গ্রুপের তৈরি পোশাক কারখানায় নিটিং অপারেটর হিসেবে কাজ করতেন। এছাড়া তার স্ত্রী কহিনুর বেগম কুড়িগ্রাম এলাকার বাসিন্দা। হাফিজুর তার দ্বিতীয় স্বামী। তারা প্রেম করে বিয়ে করে ভাড়া বাড়িতে সংসার করছিলেন বলে জানান হাফিজুর।

ঘাতক হাফিজুর জানায়, তিনি সারাদিন কারখানায় কাজ করলেও তার স্ত্রী বাসায় থেকে মেয়ে মানুষ নিয়ে আনন্দ-ফুর্তি করে এবং বাসায় মেয়ে নিয়ে এসে ব্যবসা করে। এসব কারণে তাদের মধ্যে প্রায়ই বিবাদ হতো। মঙ্গলবার বিকেলে ঝগড়া একপর্যায়ে স্ত্রী কহিনুর তার গলা চেপে ধরলে বাঁচার জন্য তিনি পাশে থাকা ছুরি দিয়ে তার গলায় আঘাত করে। পরে হত্যা করে লাশ গুম করার জন্য টয়লেটে লুকিয়ে রাখে।

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশনস) নয়ন কারকুন বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এছাড়া হত্যাকারী স্বামীর বিরুদ্ধে মামলাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।