প্রায় ২ বছর আগে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাড়ি জমান ঢাকার দোহারের বাসিন্দা জনাব আশিক মিয়া ওরফে খোকন। গত ২ ফেব্রুয়ারি সৌদি আরবের রিয়াদ থেকে দেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৩৪০ ফ্লাইটে যাত্রা করেন তিনি। সৌদি থেকে ১ ঘণ্টা যাত্রার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং জ্ঞান হারিয়ে ফেলেন। পরে ফ্লাইটের ক্যাপ্টেন ইশতিয়াক আহমেদ ওমানের মাস্কাট বিমান বন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণ করেন।
প্রথমে তাকে এয়ারপোর্টের ইমারজেন্সি ক্লিনিকে নেওয়া হয়। পরে সেখান থেকে কিআইএমএস হাসপাতালে এ স্থানান্তরিত করা হয়। তার ব্রেন স্ট্রোক হয়। পরে অসুস্থতার গুরুত্ব বিবেচনা করে সেদিন রাতেই মাস্কাটের বিখ্যাত সরকারি খউলা হাসপাতালের নিউরোলোজি বিভাগে স্থানান্তরিত করা হয়।
গত ৯ ফেব্রুয়ারি পর্যন্ত তাকে আইসিইউতে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয় এবং ১০ ফেব্রুয়ারি তাকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়। ২ তারিখ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওমান অফিসের কর্মকর্তাদের তত্ত্বাবধানে আশিকের ওমানের ভিসা করা এবং ৩টি হাসপাতালে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে ডাক্তারের সার্টিফিকেট সাপেক্ষে ১১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ বিজি৭২২ যোগে ঢাকায় স্বজনদের নিকট পৌঁছে দেওয়া হয়। এ বিষয়ে সকল খরচ বহনের ব্যাপারে হাসপাতাল ও এয়ারপোর্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যে বিমানের পক্ষ থেকে নিশ্চয়তা প্রদান করা হয়েছে।