ফরিদপুরে আনসারুল্লাহ বাংলাটিমের এক সদস্যের ৭ বছর কারাদণ্ড

ফরিদপুরে একটি মামলার পৃথক দুটি ধারায় আনসারুল্লাহ বাংলাটিমের মো. সালাউদ্দিন ওরফে ক্ষণিকের মুসাফির (২৬) নামে এক সদস্যকে ৭ বছর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই দুটি ধারার একটিতে ২০ হাজার ও অপরটিতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে একটি ধারায় তিন মাস ও অপরটিতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত পৃথক দুটি ধারায় এ রায় দেন।

সালাউদ্দিন ওরফে ক্ষণিকের মুসাফির ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর এলাকার মো. জাহাঙ্গীর বিশ্বাসের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে হাজির ছিলেন।

রায়ের সত্যতা নিশ্চিত করে ফরিদপুর আদালত পুলিশের পরিদর্শক আবুল খায়ের জানান, ২০২০ সালের ১৯ আগস্ট ফরিদপুরের নগরকান্দা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত একটি মামলার পৃথক দুটি ধারায় এ রায় দেন আদালত।

তিনি জানান, ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন (সং-২০১৩) এর ৮ ধারায় দোষী সাব্যস্ত করে একটিতে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।

তিনি আরও জানান, এছাড়া একই মামলায় ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন (সং-২০১৩) এর ৯ ধারায় দোষী সাব্যস্ত করে ৭ বছর সশ্রম কারাদণ্ড ও ২০০০০ হাজার টাকা অর্থদণ্ড প্রদানের সঙ্গে অনাদায় আরও ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।