গুম-খুন নিয়ে বিএনপির দাবির প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারকে অপবাদ দিতে গুম-খুন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে। কাদের কাদের গুম-খুন করা হয়েছে? বিএনপি বলুক, তালিকা দিক কারা কারা মারা গেছে এবং তারা কোথায় কোথায় বিএনপির কী দায়িত্বে ছিল। আমরা তালিকা দেখতে চাই।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতৃত্বে বিরোধী দল ক্রমাগত মিথ্যাচার এবং গুজবের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপকৌশল চালিয়ে যাচ্ছে। বিএনপি বলে কারাগারে ১৩ জনকে মেরে ফেলা হয়েছে। জেলখানায় যারা বন্দি তারাও মানুষ। তাদেরও মৃত্যু হতে পারে। জেলে বন্দি হলে কি মৃত্যু হবে না? তারা সবাই বিএনপির এমন দাবি কেমন করে বলে?
তিনি আরও বলেন, আমরা গুমের অনেক খবর জানি। কক্সবাজারের সালাউদ্দিন যখন ওপারে ধরা পড়ে, তখন সে ঘুরে বেড়াচ্ছিল রাস্তায়। ধরা পড়ার আগে বিএনপি অপপ্রচারই করেছিল যে সালাউদ্দিনকে গুম করা হয়েছে। তারপরে একজন প্রখ্যাত সাংবাদিক ফরহাদ মজহার, তার সম্পর্কেও একই রকম অপপ্রচার করা হয়েছিল। পরে তাকে পাওয়া গেল খুলনার মার্কেটে। অথচ আমাদের যে মাফুজ বাবুকে নিয়ে (নগর ছাত্রলীগের নেতা) তারা (বিএনপি) গুম করল সে বিষয়ে কোনো কথা বলে না। চট্টগ্রামে জামালউদ্দিন তাদের (বিএনপির) পার্টির নেতা। জামালউদ্দিন হঠাৎ অপহরণ, গুম হয়। তারপর এক সময় তারা দোষ চাপাল যে আওয়ামী লীগ তাকে অপহরণ করে হত্যা করেছে। কিন্তু পরে দেখা গেল যে জামালউদ্দিনকে তারাই (বিএনপি) অপহরণ করে খুন করেছে।
বিএনপি বারবার অন্ধকারে ঢিল ছুঁড়ছে উল্লেখ করে কাদের বলেন, এটা রাজনীতি না। লিফলেট বিতরণ করে ব্যর্থতা আড়াল করা যাবে না। তাদের লিফলেট বিতরণ কর্মসূচির উদ্দেশ্য দেশ ধ্বংস করা ও মানুষ মারা।
মিয়ানমার সীমান্তে অস্ত্রসহ অনুপ্রবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশ অত্যন্ত সচেতন ও সজাগ। বিদেশি কারো অনুপ্রবেশ ঘটলে তা খতিয়ে দেখাসহ ব্যবস্থা নেওয়া হবে।