কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন চারজন প্রার্থী। আজ মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা, বিএনপির সাবেক নেতা এবং সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দীন কায়সার এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিম।
কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেনের কাছে প্রার্থীরা এবং তাদের পক্ষে নেতাকর্মীরা এই মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন জানান, আটজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মোট চারজন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।
গত বছরের ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিটি মেয়র আরফানুল হক রিফাত। তার মৃত্যুতে কুসিকের মেয়র পদটি শূন্য হয়ে যায়।
কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট নেওয়া হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার। মনোনয়নপত্র বাছাই ১৫ ফেব্রুয়ারি। আপিলের সময়সীমা ১৬-১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি ১৯-২০ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। পরদিন প্রতীক বরাদ্দ এবং ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোট হবে।