খাবার মানসম্মত না হলে প্রয়োজনে সংশ্লিষ্ট খাবার সরবরাহকারী ক্যাটারিং প্রতিষ্ঠানের সঙ্গে রেলওয়ের চুক্তি বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম। তিনি আরও বলেন, রেলে যারা দায়িত্বে আছেন তাদের হাওয়া খেলে চলবে না, কাজ করতে হবে। যাত্রীসেবার মান বাড়াতে নিয়মিত মনিটরিং বাড়াতে হবে আরও।
গতকাল মঙ্গলবার রাজধানীতে রেল ভবনের সভাকক্ষে ট্রেনের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ক্যাটারিং সার্ভিসের সেবার মান এবং সার্বিক বিষয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, ‘রেলওয়ের সঙ্গে চুক্তি অনুযায়ী ট্রেনের যাত্রীদের মানসম্মত খাবার প্রদানের বাধ্যবাধকতা রয়েছে ক্যাটারিং সার্ভিসের। বর্তমান বাজারদর অনুযায়ী খাবারে মূল্যবৃদ্ধি করা হলেও যাত্রীদের অভিযোগ-ক্যাটারিং প্রতিষ্ঠানগুলো বাসি রুটি ও গন্ধযুক্ত খাবার পরিবেশন করে। যারা ক্যাটারিং পরিচালনা করে তাদের মানসিকতার পরিবর্তন করতে হবে, খাবারের মান ভালো করতে হবে। খাবারের মান খারাপ হলে বদনাম ক্যাটারিং সার্ভিস প্রতিষ্ঠানের হয় না। দুর্নাম হয় রেলওয়ে কর্তৃপক্ষের, রেলমন্ত্রীর।’