সরস্বতী পূজা আজ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। দেবী সরস্বতীকে বিদ্যা, জ্ঞান, কলা ও শুদ্ধতার প্রতীক হিসেবে পূজা করা হয়। সনাতন শাস্ত্রমতে, চতুর্ভুজা ব্রহ্মার মুখ থেকে আবির্ভূতা শুভ্রবর্ণা বীণাধারিণী চন্দ্রের শোভাযুক্ত দেবীই হলেন সরস্বতী।

আজ বুধবার সারা দেশে মহাসমারোহে নানা আয়োজনে দেবী সরস্বতী পূজিত হবেন। পূজা, আরাধনার পাশাপাশি মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে দূর করে আলোকিত পথ দেখাতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানাবেন সনাতন ধর্মাবলম্বীরা।

সরস্বতী পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর ঢাকেশ^রী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, রমণা কালী মন্দির, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা বিশ^বিদ্যালয়ের জগন্নাথ হল, জগন্নাথ বিশ^বিদ্যালয়সহ বিভিন্ন মন্দির ও অস্থায়ী মন্ডপে এ পূজার আয়োজন করা হয়েছে।

সুপ্রিম কোর্টে এবারও নানা আয়োজনে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে অবকাশ ছুটি থাকবে। সরস্বতী পূজায় অভ্র, আবীর, আমের মুকুল, দোয়াত কলম, যবের শিষ এমন উপাচারের প্রয়োজন হয়। এ দিনে সনাতন ধর্মাবলম্বীদের শিশুদের হাতেখড়ি,  ব্রাহ্মণভোজন ও পিতৃতর্পণ (পূর্বপুরুষদের স্মরণ করা) করা হবে। প্রত্যুষে পূজার্চ্চনা, আরাধনা, পুষ্পাঞ্জলিসহ নানা আচার অনুষ্ঠান হবে। দিনব্যাপী রয়েছে প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি।

এদিকে সরস্বতী পূজা উপলক্ষে প্রতিবারের মতো এবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার বিশ্ববিদ্যালয়ের মোট ৩৬টি মন্ডপে পূজা উদযাপন করা হবে। ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, মন্ডপ তৈরি ও সাজসজ্জায় বেশ কয়েকদিন ধরেই ব্যস্ত সময় পার করেছেন সনাতন ধর্মের অনুসারী শিক্ষার্থীরা। কার্ড বিলি থেকে শুরু করে প্রায় প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ম-পের সব কাজ শিক্ষার্থীরাই স্বতঃস্ফূর্তভাবে করেছেন।

এবার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ সংলগ্ন মাঠে, কলা ভবনের সামনে, শান্ত চত্বরে, নতুন একাডেমিক ভবনের নিচতলায়, সামাজিক বিজ্ঞান ভবনের সামনে বিভিন্ন বিভাগের পূজা ম-প বসানো হয়েছে। পূজা উপলক্ষে নানান আলপনা ও বর্ণিল আলোকসজ্জায় রঙিন আমেজ ফুটে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।