ওষুধ রপ্তানিতে ১০ শতাংশ প্রণোদনা দেওয়া হচ্ছে

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, দেশের চাহিদার ৯৮ শতাংশ ওষুধ এখন দেশেই উৎপাদিত হয়। বাংলাদেশে উৎপাদিত প্রায় সব ওষুধই বিশ্বের ১৫৭ দেশে রপ্তানি করা হচ্ছে। দেশে উৎপাদিত ওষুধ বিদেশে রপ্তানিতে উৎসাহী করতে চলতি বছর ১০ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এ-সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন স্বতন্ত্র সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম। জবাবে মন্ত্রী আরও জানান, বাংলাদেশ ওষুধশিল্পে উত্তরোত্তর উন্নতি করেছে। বর্তমানে ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের ১৫৭টিরও বেশি দেশে বাংলাদেশে উৎপাদিত প্রায় সব ধরনের ওষুধ রপ্তানি করা হচ্ছে।

আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের গত ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে প্রায় ৫ হাজার ৯০০ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ৯০৩ টাকার ওষুধ বিদেশে রপ্তানি করা হয়েছে। কমিউনিটি ক্লিনিকে প্রায় ৩২ ধরনের ওষুধ ও সরকারি হাসপাতালকে ১০৫ ধরনের ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে।

সরকারি দলের এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে ডা. সামন্ত লাল সেন জানান, গত বছরের ১ জানুয়ারি থেকে ২০২৪ সাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭২১ জন মারা গেছে। ঢাকা শহরে এডিস মশার প্রাক-মৌসুম, মৌসুম ও মৌসুম-পরবর্তী জরিপ চলমান রয়েছে। জরিপের ফলাফল সংশ্লিষ্ট সব সিটি করপোরেশনকে অবহিত করা হচ্ছে।

সাধারণ হজ প্যাকেজ ৯২৪৫০ টাকা কমানো হয়েছে : সাধারণ হজ প্যাকেজ ৯২ হাজার ৪৫০ টাকা কমানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি আরও জানান, ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় রিয়ালের মূল্য অনেক বেড়েছে, তাই সরকারের ইচ্ছা থাকা সত্ত্বেও হজের ব্যয় কাক্সিক্ষত পর্যায়ে কমানো সম্ভব হয়নি।

গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। সরকারি দলের সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা সজলের প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী বলেন, সৌদি আরবে মক্কা ও মদিনায় অনেক এলাকায় বাড়ি ও হোটেল ভেঙে ফেলায় বাড়িভাড়া ব্যয় এ বছর অনেক বৃদ্ধি পেয়েছে।