অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম কোতোয়ালি থানায় মামলাটি করেন চসিক পেশকার মো. আবু জাফর চৌধুরী। মামলায় নাম প্রকাশ করে ১১ জনসহ প্রায় ১ হাজার ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ জানান, মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতির সাধারণ সম্পাদক মাসুম, সভাপতি মিরন হোসেন মিলন ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম ভূঁইয়া, চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতির সভাপতি নুরুল আলম লেদু, সাধারণ সম্পাদক জসিম মিয়া, চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতির সম্পাদকম-লীর সদস্য শাহীন আহমদ, সদস্য নূর মোহাম্মদ, চট্টগ্রাম হকার্স লীগের সাবেক সভাপতি ঋষি বিশ্বাস, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রনি, চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতির সাধারণ সম্পাদক তারেক হায়দার এবং সোহেলসহ অজ্ঞাত ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।
গত সোমবার বিকেল ৩টার দিকে নিউমার্কেট ও স্টেশন রোড এলাকায় সড়ক ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে পুলিশের ওপর হামলা চালায় হকাররা। এ সময় তারা চসিকের তিনটি গাড়ি ভাঙচুর করে। সংঘর্ষে পুলিশের পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও কয়েক রাউন্ড গুলি ছোড়ে।